বিয়ে করলেন উপস্থাপিকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী দিলরুবা সাথী। বাবা-মায়ের পছন্দের পাত্রের সঙ্গেই তার বিয়ে হলো। রাজবাড়ীর মেয়ে দিলরুবা সাথীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আনোয়ারুল কবির অপুর সঙ্গে গতকাল আকদ সম্পন্ন হয়েছে। তার আগে গত বৃহস্পতিবার তারই জন্মদিনে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সাথীর বাবা-মায়ের বাসায় সাথীর গায়েহলুদ সম্পন্ন হয়। আজ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানান সাথী।
সাথী জানান, তার স্বামী আনোয়ারুল কবির অপুর রাজধানীর আগারগাঁওয়ে ‘গোল্লাছুট’ নামের একটি আইটি ফার্ম রয়েছে। মূলত উভয়পক্ষের পছন্দেই সাথী তার জীবনসঙ্গী হিসেবে অপুকে পেয়েছেন। সাথী বলেন, ‘আমার বাবা-মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে অপুকে বিয়ে করেছি। মন-মানসিকতার দিক দিয়ে অপুকে আমার অনেক ভালো মনে হয়েছে। সবচেয়ে বড় কথা অপু খুব সহজ-সরল একজন মানুষ। তার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভীষণ খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি। আজীবন যেন একসঙ্গে কাটাতে পারি।’ দিলরুবা সাথী দীর্ঘদিন যাবত চ্যানেল আইয়ের একজন উপস্থাপিকা হিসেবে কাজ করছেন। অনন্যা রুমার প্রযোজনায় ‘তারকা কথন’, ‘গানে গানে সকাল শুরু’, ‘আমার যতো গান’ ‘সেরা গান’, ‘গানের উৎসব’সহ বিশেষ বিশেষ দিনের অনুষ্ঠানে দিলরুবা সাথী উপস্থাপনা করেন।


Comments
Post a Comment