পাওয়া গেছে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’


‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ২০ বছর বয়সী এক তরুণীকে চূড়ান্ত করেছেন নির্মাতা অমিতাভ রেজা। তবে তার ব্যাপারে এখনও কোনো তথ্য দিতে নারাজ নির্মাতা। তিনি বলেন, ‘এখনই বিস্তারিত কিছু জানাতে চাই না। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন তিনি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে আছেন বাংলাদেশের ২০ বছর বয়সী নাইমা। ইতোমধ্যে চলচ্চিত্রের বেশ কিছু চরিত্রের জন্য শিল্পী-নির্বাচন শেষ করেছেন নির্মাতা।  এ তথ্য জানিয়ে লেখিকা মিতালি পারকিন্স বলেন, ‘অনুষ্ঠানে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্র নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সত্যিই এটা খুব আনন্দের।  স্বপ্নটা সত্যি হচ্ছে।’
ঢাকার ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে তুলে ধরবেন অমিতাভ। চলচ্চিত্রটিতে ব্যবহৃত হবে অ্যানিমেশনও। উপন্যাস থেকে চলচ্চিত্রের উপযোগী চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। পরিচালকের পাশাপাশি ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।

Comments