‘দহন’ দেখে দর্শকের সঙ্গে কাঁদলেন সিয়াম-পূজা


গত শুক্রবার সারাদেশব্যাপী ৪৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘দহন’। সিনেমাটি মুক্তির দিনেই সকাল, বিকেল এবং রাতের প্রায় প্রতিটি শো’তে ঢাকার মুক্তিপ্রাপ্ত হলগুলো ছিল প্রায় দর্শকপূর্ণ। সকাল ১০.৩০ মিনিটের শো’তে সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক সিয়াম আহমেদ, নায়িকা পূজা চেরী, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, জাহিদ হোসেনে শোভন, শিমুল খান’সহ আরও অনেকেই উপস্থিত হয়েছিলেন বলাকা সিনেমা হলে। সিনেমা দেখে কেঁদে ফেলেন দর্শকরা। সেই সঙ্গে নিজেদের অভিনয়ে নিজেরাই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন সিয়াম আর পূজা। এ সিনেমা সম্পর্কে সিয়াম বলেন, ‘নিজের অভিনয় দেখে নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। আর চারপাশের দর্শকের চোখে পানিও যেন আমাকে আবেগাপ্লুত করেছে। দর্শকের এই ভালোবাসার কোন প্রতিদান হয় না। এ আমার সৌভাগ্য, দর্শকের ভালোবাসার কাছে আবারো ঋণী হয়ে গেলাম। এমন জীবন ঘনিষ্ঠ সিনেমা দেখার জন্য দর্শকের কাছে অনুরোধ থাকবে, আপনারা হলে হলে গিয়ে দহন দেখবেন প্লিজ। অনেক কৃতজ্ঞতা আজিজ ভাই ও রাফি ভাই’সহ পুরো দহন টিমের কাছে।’ পূজা চেরী বলেন, ‘দর্শকের জন্যই তৈরি হয়েছে দহন। আশা করছি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছে দহন। দহন দেখতে যদি হলমুখী হন দর্শক সেটাই হবে আমাদের কষ্টের সার্থকতা। দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখে যে ভালোবাসা পেয়েছি তাতে সত্যিই মুগ্ধ আমি, আমরা। ধন্যবাদ দিতে হয় এই সিনেমার প্রযোজক আজিজ ভাই, নির্মাতা রায়হান রাফি ভাইকে।’ আব্দুল আজিজ বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটকে বিবেচনা করেই তৈরি হয়েছে দহন। দর্শকের ভালো লাগছে এটাই আমাদের সফলতা।’
উল্লেখ্য, সিনেমাটি মঞ্চ নাটক সংগঠন মাইম আর্ট এর ইউ টার্ন নকল করে তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির প্রধান নিথর মাহবুব। 

Comments