লস এ্যাঞ্জেলসে একসঙ্গে তিন সম্মাননায় ভূষিত আমিরুল হক চৌধুরী

আমেরিকায় একসঙ্গে তিনটি সম্মাননায় ভূষিত হলেন দেশের নাট্যাঙ্গন এবং চলচ্চিত্রাঙ্গনের অভিনেতা আমিরুল হক চৌধুরী।
১৯৭১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ এসোসিয়েসন অব লস এ্যাঞ্জেলস (বালা), ‘এই তো আমরা’ এবং লস এ্যাঞ্জেলস’র কংগ্রেস ম্যান ব্রেইড সে ম্যান কর্তৃক বিশেষভাবে সম্মানিত হয়েছেন আমিরুল হক চৌধুরী। গেলো ২১ অক্টোবর তিনি এই তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন। সেদিন লস এ্যাঞ্জেলসের হলিউডের সাইন্টোলজি মিলনায়তনে ‘একজন নূরু মিয়া’ নাটকটি প্রদর্শিত হয়। নাটকটি প্রদর্শনের পর বেশ দীর্ঘ সময় আমিরুল হকের অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শক করতালি দেন এবং তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। নাটক মঞ্চায়নের পর সেখানে বালা’র পক্ষ থেকে আমিরুল হককে আজীবন সদস্য করে নেবার পাশাপাশি তাকে সম্মাননা জানানো হয়। একই সময়ে ‘এইতো আমরা’ নামের আরেকটি সংগঠন তাকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করে। এছাড়া লস এ্যাঞ্জেলসের কংগ্রেস ম্যান’র পক্ষ থেকে তাকে সম্মাননার কথা ঘোষণা দিয়ে নিমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তিনি কংগ্রেস ম্যান’র অফিসে গিয়ে কংগ্রেস ম্যান ব্রেইপ সে ম্যান’র কাছ থেকে সম্মাননা পত্র গ্রহণ করেন। একই সময়ে একসঙ্গে তিনটি সম্মাননা পেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন বরেণ্য অভিনেতা আমিরুল হক চৌধুরী। আমিরুল হক চৌধুরী বলেন, ‘এটা আমার অভিনয় জীবনের প্রাপ্তির মুহুতগুলোর্র মধ্যে সত্যিই বিশেষ স্মরণীয় এক সময় ছিলো। আমি এতোটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার অভিনয়কে, আমাকে দর্শক এতো ভালোবাসে আমি ভাবতেই পারিনি। আমি বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি সবার ভালোবাসায়। এই ভালোবাসার ঋত কোনভাবেই শোধ করার নয়। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আরো ভালো ভালো কাজ যেন দর্শককে উপহার দিতে পারি। আর অবশ্যই শুকরিয়া মহান আল্লাহর কাছে, অনেক কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের কাছে। ধন্যবাদ বালা, এইতো আমরা এবং কংগ্রেস ম্যান’র প্রতি।’ 

Comments