শেষের পথে আঁচল মুনমুন ও সনি’র ‘রাগী’



মিজানুর রহমান মিজান পরিচালিত রাগীসিনেমার কাজ গেলো সপ্তাহে বিএফডিসিতে আবার শুরু হয়েছে। এই সিনেমায় নতুন করে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা আঁচল। নির্মাণের শুরু থেকেই এই সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন চিত্রনায়িকা মুনমুন ও অভিনেতা সনি রহমান। রাগীসিনেমার পরিচালক মিজানুর রহমান মিজানের পাশাপাশি প্রধান সহকারী পরিচালক জিয়াউল হক মনিরের সার্বিক তত্ত্বাবধানে সিনেমাটির কাজ দ্রুত গতিতে শেষ হচ্ছে বলে জানান শিল্পীরা। রাগীসিনেমায় চিত্রনায়িকা মুনমুন অভিনয় করছেন মহারানী ভিক্টোরিয়ার চরিত্রে। গতকাল রাজধানীর অদূরে পূবাইলে শাকিব খানের শুটিং বাড়ি জান্নাতে শুটিং চলাকালীন সময়ে মুঠোফোনে মুনমুন বলেন, ‘মহারানী ভিক্টোরিয়া চরিত্রটি একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্র। চরিত্রটি সত্যিই ভীষণ একটি চ্যালেঞ্জিং চরিত্র। যে কারণে এই চরিত্রে অভিনয় করে আমি ভীষণ উচ্ছ্বসিত। মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সিনেমাতে কাজ করার সুযোগ করে দেবার জন্য। কারণ এমন একটি চরিত্রে অভিনয়ের জন্য আমি দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলাম। আমি খুব আশাবাদী রাগী সিনেমাটি নিয়ে।আঁচল বলেন, ‘রাগী সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়েই আবারো সিনেমার কাজে নিজেকে সম্পৃক্ত করলাম। সবার আন্তরিকতা, ইউনিটের প্রত্যেকের সহযোগিতা এবং সর্বোপরি এ সিনেমাতে কাজল চরিত্রে অভিনয় আমি ভীষণ উপভোগ করছি।সনি রহমান বলেন, ‘রাগী সিনেমাতে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করছি। সিনেমাতে অভিনয়ের শুরু থেকেই আমার ইচ্ছে ছিল নিজেকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করা। যে কারণে এ সিনেমাতে আমার চরিত্রটি আমার ইচ্ছের সঙ্গে মিলে যাওয়ায় কাজটি করতে ভালো লাগছে।জিয়াউল হক মনির জানান আগামী পহেলা বৈশাখে মুক্তির লক্ষ্যে সিনেমার নির্মাণকাজ এগিয়ে চলছে। আগামী ৩০ জানুয়ারি গান ছাড়া সিনেমার অন্যান্য কাজ শেষ হবে।

Comments