গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির ছায়ানটে অনুষ্ঠিত হয়ে গেল অভিনেতা, চিত্রশিল্পী, নির্মাতা ও লেখক
আফজাল হোসেনের দুটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে বিশেষ মিলনমেলা। বিকেল ৪টায় অভিনেত্রী
অপি করিমের উপস্থাপনার মধ্যদিয়েই শুরু হয় ‘মিলনমেলা’। মূলত আফজাল হোসেনের নতুন দুটি
গ্রন্থ ‘১৯ নং কবিতা মোকাম’ এবং ‘সাবান মাখা রোদ’র এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশ
উপলক্ষে এই মিলনমেলা’য় আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রসংগীত পরিবেশন
করেন বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এরপর একে একে আফজাল হোসেনকে
নিয়ে নানা ধরনের স্মৃতিচারণামূলক কথা বলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, ছড়াকার লুৎফর রহমান রিটন, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, আফজাল হোসেনের ঘনিষ্ঠ
বন্ধু ইফতেখারুল ইসলামসহ আরও বেশ কয়েকজন। সবার কথা শেষে বিপাশা হায়াত মঞ্চে উঠে আফজাল
হোসেনের লেখা কয়েকটি কবিতা আবৃত্তি করেন। তবে ১১ ফেব্রুয়ারি দুটি বই প্রকাশনা উৎসবের
দিন ধার্য করার কারণ হিসেবে ওইদিন তার স্ত্রী তাজিন হালিমের জন্মদিনের কথা উল্লেখ করেন
আফজাল। আমন্ত্রিত অতিথিরা তাজিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। নিজের দুটি বই প্রসঙ্গে
বলতে গিয়ে আফজাল হোসেন বলেন, 'আমরা জানি এখানে যারা আছেন
তারা সবাই সবাইকে খুব ভালোবাসি। কিন্তু মাঝে মাঝে সেই ভালোবাসাটুকুরও জানান দিতে হয়।
সেই জানান দিতেই আজকের এ অজুহাত। আজকের দিনের প্রাপ্তি রেজওয়ানা চৌধুরী বন্যার অসাধারণ
গান। আবার যাদের ভালোবাসা পেয়েছি সেটাও অনেক বড় প্রাপ্তি। আমার আজকের যত পরিচিতি সবই
কিন্তু আমার স্ত্রীর কারণে। আমি কোনকালেই প্রভাব বা প্রতিপত্তি, কোনটাই চাইনি।
চাইনি বড় হতে, বিশেষ হতে। আমি বড় হতে চাইনি এর একমাত্র কারণ হলো প্রকৃতিগত অনেক কিছুই বিসর্জন
দিতে হয়। আমি আমার মতো করেই বাঁচতে চেয়েছি।’ উল্লেখ্য এবারের গ্রন্থমেলায় দুটি বই অনন্যা
প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আফজাল হোসেনের মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন শহীদুজ্জামান
সেলিম, আফসানা মিমি, রোজী সেলিম, তানভীন সুইটি, সৈয়দ আপন আহসান, ত্রপা মজুমদার, তারিন জাহান, তারিনের দুই বোন তুহিন ও নাহিনসহ আরও অনেকে। অনুষ্ঠানটিতে সার্বিকভাবে
সহযোগিতা করেছেন আফজাল হোসেনের দুই বন্ধু সানাউল আরেফীন ও খন্দকার আলমগীর।

Comments
Post a Comment