ফাগুন হাওয়ায়’র প্রচারণায় আর পরিবার বন্ধুদের সঙ্গে তিশার জন্মদিন



আজ অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশার জন্মদিন। তিশা জানান, গেলো শুক্রবার তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার প্রচারণা এবং পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গেই কাটবে তার এবারের জন্মদিন।  তিশা জানান ‘ফাগুন হাওয়ায়’র প্রচারণার জন্য তারা আজ অথবা কাল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণেও যাবেন। যেহেতু ‘ফাগুন

হাওয়ায়’ ভাষা আন্দোলনকে ঘিরে নির্মিত একটি সিনেমা। তাই শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাবেন তিনি। ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা প্রসঙ্গে তিশা বলেন, 'এ সিনেমাতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সিনেমাটির গল্প ভাষা আন্দোলনকে আবর্ত করে হলেও ভালোবাসাকে মুখ্য রেখেই সিনেমার গল্প এগিয়েছে। যা দর্শকের ভালো লাগছে। আবার সিনেমারও গানও দর্শক বেশ পছন্দ করছেন। এটা অনেক প্রাপ্তির বিষয়। তাই আমি এ সিনেমার দর্শক সাড়া নিয়ে বেশ সন্তুষ্ট।’ এদিকে তিশা এরই মধ্যে শেষ করেছেন অরুণ চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র কাজ। অপরদিকে আগামী নারী দিবস উপলক্ষে তিশা এরই মধ্যে চয়নিকা চৌধুরীর রচনা ও নির্দেশনায় ‘প্রতিদিনের মতো একটি দিন’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি আগামী ৮ মার্চ নারী দিবসে রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে। এতে তিশার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।

Comments