শরীফ রাজকুমারের সুর সঙ্গীতে দেশের গানে অনুপমা মুক্তি



দীর্ঘদিন যাবত গান গেয়ে আসছেন কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। একক অ্যালবাম প্রকাশের পাশাপাশি সিনেমাতে গান গেয়েছেন তিনি। এবার দেশের গান গাইতে যাচ্ছেন অনুপমা মুক্তি। তার স্বামী সঙ্গীতশিল্পী ও সঙ্গীতের শিক্ষক শরীফ রাজকুমারের সুর সঙ্গীতে ও মিলন খানের কথায় ‘অন্তর আমার লাল সবুজের প্রান্তর’ গানে কণ্ঠ দিবেন অনুপমা মুক্তি। শরীফ রাজকুমার জানান এরইমধ্যে গানটির মিউজিক অ্যারেঞ্জম্যান্ট’র কাজ চলছে। শীঘ্র্রই গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। আগামী স্বাধীনতা দিবসে গানটি প্রকাশের ইচ্ছে রয়েছে অনুপমা মুক্তির। অনুপমা মুক্তি বলেন, ‘এর আগে রেডিও টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে অনেক দেশের গান গেয়েছি। কিন্তু এবারই প্রথম নিজের একটি দেশের গান হতে যাচ্ছে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার স্বামী শরীফ রাজকুমারের কাছে। কারণ তারই ভীষণ আগ্রহে, অনুপ্রেরণায় আমার এ গানটি হতে যাচ্ছে। গানের কথা যেমন মন ছুঁয়ে যাবার মতো ঠিক তেমনই সুরটাও অসাধারণ। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ এদিকে আজ যমুনা টিভির একটি অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর সঙ্গে রেকর্ডিং-এ অংশ নিবেন অনুপমা মুক্তি। অনুষ্ঠানটি পহেলা ফাল্গুন উপলক্ষে যমুনা টিভিতে প্রচার হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে টাঙ্গাইলে স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি ‘র‌্যাব’ একটি অনুষ্ঠানে দুপুরে পোস্তগোলায় এবং রাতে ঢাকার শাহীন কলেজ অডিটরিয়ামে বিমান বাহিনীর আরেকটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ১০ ফেব্রুয়ারি আরটিভিতে প্রচার চলতি ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের রেকর্ডিং-এ অংশ নিবেন অনুপমা মুক্তি। এই অনুষ্ঠানের উপস্থাপক তিনি।

Comments