২০০৫ সালের ভালোবাসা দিবসে এসআই টুটুল ও পার্থ
মজুমদারের উদ্যোগে ব্যান্ডদল ‘ধ্রুবতারা’র যাত্রা শুরু হয়েছিল। তবে যাত্রা শুরুর
দিকে এ ব্যান্ডদলের নাম ছিল ‘ফেস টু ফেস’। কিন্তু ২০০৮ সালে প্রয়াত বরেণ্য
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরামর্শে ব্যান্ডদলটির নাম পরিবর্তন করে রাখা হয়
‘ধ্রুবতারা’। এসআই টুটুল বলেন, ‘সেই সময় স্যার বলেছিলেন একটি বাংলাদেশি
ব্যান্ডদলের নাম কেন ইংরেজিতে হবে। তোমাদের তো ধ্রুবতারা শিরোনামের একটি গান আছে।
এই নাম রাখাটাই তো সুন্দর হবে। স্যারের কথা অনুযায়ী ফেস টু ফেস পরিবর্তন করে
ধ্রুবতারা রাখা হয়।’ এসআই টুটুল জানান, দেশের জন্য যারা দিয়ে গেছেন প্রাণ,
তাদের
উদ্দেশ করেই ‘ধ্রুবতারা’ গানটি করা হয়েছিল। তাই ‘ধ্রুবতারা’ নামটিই যথার্থ হিসেবেই
রাখা হয়েছিল হুমায়ূন আহমেদের পরামর্শে। দেখতে দেখতে ‘ধ্রুবতারা’ আজ পনেরো বছর
অর্থাৎ দেড় দশকে পা দিল। দিনটিতে দলের ছয়জন আজ সন্ধ্যার পর রাজধানীর উত্তরাতে এক
পারিবারিক আড্ডায় অংশ নেবেন বলে জানান এসআই টুটুল। এসআই টুটুল বলেন, ‘আমাদের
ব্যান্ডদল ধ্রুবতারা হুমায়ূন স্যার ও আমার শ্রদ্ধেয় গুরু আইয়ূব বাচ্চুর স্নেহ বুকে
নিয়ে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি শোতে হুমায়ূন স্যার ও বাচ্চু
ভাইকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে সঙ্গীত পরিবেশন করতে। আরেকটি কথা
বিশেষভাবে বলতে চাই, আজ থেকে ধ্রুবতারার ইউটিউব চ্যানেলে ধ্রুবতারা
ব্যান্ড চালু হতে যাচ্ছে। ধ্রুবতারার কোন গান কারও কাছে স্বত্বা বিক্রি করে দেয়া
হয়নি। যদি কেউ আমাদের গান ইউটিউব চ্যানেলে প্রকাশের পর অভিযোগ করেন তবে তার
বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এখনই যথাযথ ব্যবস্থা নেয়া
হচ্ছে।’ এদিকে গেল ১২ ফেব্রুয়ারি দৈনিক আমার সংবাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
আইয়ূব বাচ্চুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সঙ্গীত পরিবেশন করেন এসআই টুটুল। এদিকে
টুটুল জানান, আজ থেকেই ফেসবুকে ধ্রুবতারার একটি ফ্যানপেজও
চালু হতে যাচ্ছে। এখন পর্যন্ত বাজারে ‘ধ্রুবতারা’র দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
একটি ‘ধ্রুবতারা’ ও অন্যটি ‘দুঃখপোকা’। ‘ধ্রুবতারা’র লাইনআপ হচ্ছে বেজ গিটার ও
ব্যান্ড লিডার পার্থ মজুমদার, লিড গিটারে সেলিমুজ্জামান শেলী,
ড্রামসে
মুজিব উদ্দৌলা মুজু, উড উইন্ড ইনস্ট্রুম্যান্টে সাঈদ হাসান বাবু,
কী-বোর্ডে
নাদিম এবং ভোকাল-সেকেন্ড লিড গিটারে এসআই টুটুল। গতকাল ধ্রুবতারা বাংলাদেশ বেতারে
সঙ্গীত পরিবেশন করে। আগামী ১৭ ফেব্রুয়ারি চ্যানেল আইতে এবং পর্যায়ক্রমে সিলেট,
চট্টগ্রামে
স্টেজ শোতে অংশ নেবে ধ্রুবতারা।

Comments
Post a Comment