নতুন সিনেমায় অধরা খান


গতবছরের শেষপ্রান্তে নবাগত নায়িকা অধরা খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। একটি শাহীন সুমনের ‘মাতাল’ এবং অন্যটি ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’। দুই সিনেমার পরিচালকই তাকে নিয়ে আবারও নতুন দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এরইমধ্যে। পরিচালক শাহীন সুমন অধরা খানকে নিয়ে আগামী এপ্রিলে নির্মাণ করতে যাচ্ছেন ‘বখাটে’ নামের একটি সিনেমা। তবে এই সিনেমাতে নায়ক হিসেবে কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আবার আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘সুন্দরীতমা’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অধরা। এতে তার বিপরীতে থাকবেন রোশান। বর্তমানে দুটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিয়েই ব্যস্ত অধরা খান। অধরা বলেন, ‘ধন্যবাদ দিতে চাই বখাটে এবং সুন্দরীতমা সিনেমার শ্রদ্ধেয় পরিচালকদের। কারণ তারা আমার প্রতি বিশ্বাস রেখে আবারও আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। আমি বখাটে এবং সুন্দরীতমা’য় অভিনয়ের জন্য এখন নিজেকে তৈরি করছি। সত্যি বলতে কী অভিনয়ে আমি নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চাই দর্শক যেন আমাকে মৌসুমী আপু, শাবনূর আপুর মতো শ্রদ্ধা নিয়ে মনে রাখেন।’


Comments