ভালোবাসা দিবসে আরিয়ানের ‘কথা দেয়া আছে’



'ফাল্গুনে ভালোবাসা,  বৈশাখে প্রেম’ স্লোগানে নির্মিত হলো নাটক ‘কথা দেয়া আছে’। মিথুন রহমানের গল্পে, নাসির খানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা, শিল্পী সরকার, মাজনুন মিজান প্রমুখ।
নাটকটি সম্পর্কে নির্মাতা আরিয়ান বলেন, এই নাটকের গল্পটি একটি ব্যতিক্রমী ভালোবাসার গল্প। ভালোবাসার গল্পগুলো যতটা সুইট হয় এই গল্পটা ততটা সুইট না। একটু আলাদা গল্পের। আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু করার। জানি না কেমন হয়েছে। দর্শকের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’ আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটকটি। এছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে আরও দুটি নাটক ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন মিজানুর আরিয়ান। যার সব গল্প আরিয়ানেরই লেখা। এর মাঝে ‘ভালো থেকো তুমি’ নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। নাটকটি ভালোবাসা দিবসের দিন এসএ টিভিতে প্রচারিত হবে। আরেকটি নাটক ‘থাকবে মন’। যাতে অভিনয় করেছেন তানজিন তিশা, তামিম মৃধা, আবু হুরায়রা তানভীর। এটি প্রচার হবে বাংলাভিশনে। দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে একটি অপূর্ব ও মিথিলাকে নিয়ে ‘যোগ্যতা’ অন্যটি আফরান নিশো ও তানজিন তিশা জুটি নিয়ে ‘কখনও না কখনও’।

Comments