আলোকিত নারী’ সম্মাননা পাচ্ছেন শবনম




দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করে আসছেন নায়িকা শবনম। বাংলাদেশের সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আসছে নারী দিবসে সম্মাননা পেতে যাচ্ছেন এ অভিনেত্রী। আরটিভি আয়োজিত ‘আলোকিত নারী ২০১৯’ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৮ মার্চ রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে। সেদিন সন্ধ্যায় শবনমের হাতে আরটিভির পক্ষ থেকে এ সম্মাননা তুলে দেয়া হবে বলে জানান শবনম। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে শবনমের যাত্রা শুরু হলেও দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতেও অভিনয় করেছেন। সেখানে অভিনয় করে সেখানকার সিনেমার সর্বোচ্চ স্বীকৃতি নিগার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি এগারোবার। আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে শবনম দেশে ফিরে দেশেই স্থায়ী হন। তখন তিনি কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করেন। তবে এরপর আর কোন সিনেমাতে তাকে অভিনয়ে দেখা যায়নি। তবে বাংলাদেশের সিনেমার শুরুর দিকে শবনমের বিশেষ ভূমিকা রয়েছে। শবনম বলেন, ‘আমি গর্বিত আমার দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে এজন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আরটিভি পরিবারকে আমাকে নারী দিবসে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নেয়ার জন্য। নিঃসন্দেহে এ সম্মাননা আমার চলার পথকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে।’

Comments